# Tags

বিশ্ব পরিবেশ দিবসে পঞ্চগড়ে সচেতনতামূলক মতবিনিময় সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি-‘জেট নেট বিডি ক্যাম্পেইন: ন্যায্য জ্বালানি রূপান্তর ও সুরক্ষিত প্রকৃতি গড়বো, আগামীর বাসযোগ্য পৃথিবী বিশ্ব’ প্রতিপাদ্যে পরিবেশ দিবস উপলক্ষে পঞ্চগড়ে সচেতনতামূলক মতবিনিময় সভা ও জলবায়ু বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা পঞ্চগড় শহরের মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, সাংবাদিক, যুব প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর, বাপা পঞ্চগড় জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম জুয়েল, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম প্রমূখ। বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং পরিবেশ সুরক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় বক্তারা সরকারের ঘোষিত ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন কর্মসূচির দ্রুত ও কার্যকর বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে এবং টেকসই উন্নয়ন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, সবুজ পৃথিবী গঠন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিভিন্ন চিত্র উপস্থাপন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। #